সারাদেশ

অসুস্থ মায়ের সেবার ফাঁকে অটো চালাতেন মামুন, সেই গাড়িই ছিনতাই

  নওগাঁ প্রতিনিধিঃ ১৪ নভেম্বর ২০২৬ , ৭:২৭:০২ প্রিন্ট সংস্করণ

ষাটোর্ধ্ব মায়ের দুই পা ভাঙা। সারাদিন মায়ের সেবা-যত্ন করেন। এর ফাঁকে জীবিকার তাগিদে অটো চার্জার গাড়ি চালান মামুনুর রশিদ। এনজিও থেকে ঋণ নিয়ে কেনা তাঁর একমাত্র উপার্জনের অবলম্বন সেই গাড়িটিই অভিনব কৌশলে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুধু গাড়ি ছিনতাই করেই ক্ষান্ত হয়নি তারা, তাঁকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রাখা হয় নির্জন বিলের মধ্যে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১১ নভেম্বর) রাতে নওগাঁর মান্দা উপজেলার বালিচ গ্রামের বিলের মধ্যবর্তী একটি সড়কে। ভুক্তভোগী মামুনুর রশিদ উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

মামুনুর রশিদ জানান, কয়েক বছর আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটি বোরাক অটো চার্জার গাড়ি কিনেছিলেন তিনি। ওই গাড়ি চালিয়েই সংসারের খরচ চালানোর পাশাপাশি অসুস্থ মায়ের সেবা-যত্নের ব্যয় মেটাতেন। মায়ের দুই পা ভাঙা থাকায় সারাদিন তাঁকে দেখাশোনা করতে হয়। এর মধ্যেই সময় বের করে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় মান্দা সুইটসের সামনে যাত্রীর অপেক্ষায় ছিলেন মামুনুর রশিদ। এ সময় সাদা ফুলপ্রিন্টের শার্ট ও প্যান্ট পরা এক অপরিচিত ব্যক্তি তাঁর কাছে এসে নিজেকে করলা ব্যবসায়ী পরিচয় দেন।

ওই ব্যক্তি জানান, করলা নিয়ে আসার সময় ভারশোঁ এলাকায় তাঁর গাড়ির সেপ ভেঙে গেছে। গাড়িতে থাকা করলাগুলো নিয়ে তিনি বিপাকে পড়েছেন। ভারশোঁ উপশহর এলাকায় গাড়িটি রাখা আছে। সেখান থেকে ১৬ মণ করলা নামিয়ে ফেরিঘাটে পৌঁছে দিতে হবে। এ জন্য যত ভাড়া লাগে, তা দেওয়ার আশ্বাস দেন তিনি। পরে ৫০০ টাকা ভাড়ায় যাওয়ার চুক্তি হয়।
ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তাঁকে সঙ্গে নিয়ে ফেরিঘাট থেকে গাড়ি চালিয়ে রওনা হন মামুনুর রশিদ। দেলুয়াবাড়ির ওপর দিয়ে মোহাম্মদপুর মোড়ের পশ্চিম দিকে বালিচ গ্রামের বিলের মধ্যবর্তী রাস্তা ধরে ভারশোঁ উপশহরের দিকে যাচ্ছিলেন তাঁরা।

পথে একটি সেতুর কাছে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মামুনুর রশিদকে মারধর করা হয়। এরপর তাঁর অটো চার্জার গাড়িটি ছিনিয়ে নেয় তারা। এ সময় দুই ব্যক্তি তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে সিম খুলে ফেলে। পরে তাঁর হাত-পা ও চোখ বেঁধে বিলের মধ্যে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মামুনুর রশিদ বলেন, তাঁকে বিলের মধ্যে নিয়ে যাওয়ার পর সেখানে দুজন ব্যক্তি পাহারা দিচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা তাঁর মোবাইল ফোনটি ফেরত দেন। পরে রাত আড়াইটা থেকে ৩টার দিকে কোনো রকমে চোখের বাঁধন খুলতে সক্ষম হন তিনি। এরপর হাত-পা নিয়ে কষ্ট করে হামাগুড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। পাশেই একটি পুকুর খননের কাজ চলছিল। সেখানে কর্মরত শ্রমিকেরা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

পরে নিজের মোবাইল ফোনে সংরক্ষিত নম্বর থেকে বাড়িতে যোগাযোগ করে ঘটনার কথা জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে মান্দা থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

মামুনুর রশিদ আরও জানান, একই দিন উপজেলার ফতেপুর এলাকা থেকেও একই চক্র আরেকটি অটো চার্জার গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরপর দুটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এদিকে ঘটনার পর কয়েক দিন পেরিয়ে গেলেও তাঁর ছিনতাই হওয়া গাড়িটির কোনো সন্ধান মেলেনি। একদিকে অসুস্থ মায়ের দেখাশোনার দায়িত্ব, অন্যদিকে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর। একমাত্র উপার্জনের অবলম্বন হারিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ইতোমধ্যে লেক সেল সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।

আরও খবর

Sponsered content