প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:২২:১৮ প্রিন্ট সংস্করণ
নিজের সমর্থকদের ওপর হামলার অভিযোগ করে দায়ীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল হান্নান মাসউদ।
তিনি বলেন, ‘দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদেরকে ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নির্বাচনের মাঠে থাকব কি না, তা আবারও ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।’
এর আগে দুপুরে হাতিয়ায় ফেরীঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের পাল্টাপাল্টি ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসউদ।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে আছি। পরে বিস্তারিত জানাব।’




















