হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০২:৫১ প্রিন্ট সংস্করণ
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। তাই যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ আমরা দিতে পারি না।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়া এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু ভাই–বোনেরা তাদের সুরক্ষার কথা বলছেন। আপনাদের নিরাপত্তায় কোনো গাফিলতি হবে না—আমি এই গ্যারান্টি দিচ্ছি।” তিনি হিন্দু–মুসলিম সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। পাশাপাশি চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সুবিধা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
কৃষকদের জন্য আলাদা কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহের পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে এবং হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা নেওয়া হবে। সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।
এ ছাড়া নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ তৈরির কথাও বলেন বিএনপি মহাসচিব।
পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















