প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ২:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ
টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটা ছক্কা দিয়েই করলেন লিটন দাস। মার্কো ইয়ানসেনের পঞ্চম বলটি বেশ খাটো ছিল। ব্যাটার ঘুরে দাঁড়িয়ে পুল শট খেলেন। ব্যাটের ওপরের কানায় লেগে বলটি লং লেগ ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা পার হয়। সেখানে থাকা ফিল্ডারের কিছুই করার ছিল না।
অবশেষে শতকের অপেক্ষার অবসান ঘটল লিটন দাসের! এই সংস্করণে এটি তার অষ্টম শতক, আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। শতক পূর্ণ করেই পকেট থেকে একটি কাগজ বের করেন তিনি। সেখানে লেখা, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই শতক তোমার জন্য।’
মেয়ের উদ্দেশে এমন হৃদয়ছোঁয়া উৎসর্গ সত্যিই আবেগঘন এক মুহূর্তের জন্ম দিল। দুর্দান্ত ইনিংসের জন্য সাজঘর থেকেও করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভার শেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৪৭ রান করেছে বাংলাদেশ। লিটন ১৫৪ বলে ১২টি চার ও এক ছক্কায় সেঞ্চুরির দেখা পান।
এর আগে জোহান্নেসবার্গে গতকাল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান করেন। লিটন ৯২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া তাওহীদ হৃদয় ২২৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১৩৭ রানে আউট হন।















