সারাদেশ

নওগাঁর মান্দায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৬ নভেম্বর ২০২৬ , ৮:৪২:২৬ প্রিন্ট সংস্করণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বন্ধুর সহায়তায় নৌকায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। নওগাঁর মান্দায় আত্রাই নদীর মাঝখানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় রশিদ ওরফে বাপ্পি ওরফে কালু (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রশিদ ওরফে কালু মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাঠাকাঁটা বাজার এলাকার ফজলু মিয়ার ছেলে। অপর অভিযুক্ত তুস্কর একই এলাকার নৌকার মাঝি নির্মলের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী মহাদেবপুর উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের আয়াপুর গ্রামে। অভিযুক্ত কালু বেশ কিছুদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তার প্রস্তাবে রাজি হয়নি মেয়েটি। এ নিয়ে কালুর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে অভিযোগ।

এজাহার অনুযায়ী, গত ১৬ অক্টোবর দুপুর ১টার দিকে স্কুলের টিফিনের সময় দুপুরের খাবার খাওয়ার জন্য ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হয় ওই শিক্ষার্থী। ভ্যানচালক মো. আশিকুল ইসলাম (৩৫) তাকে নিয়ে পাঠাকাটা-আয়াপুর ঘাটে পৌঁছান। এরপর ভ্যানসহ তারা একটি নৌকায় ওঠেন। ভ্যানচালক আশিকুল মান্দা উপজেলার চকবাবন গ্রামের জুল্লু মিয়ার ছেলে।

দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে নৌকাটি আয়াপুর-পাঠাকাটা ঘাটসংলগ্ন আত্রাই নদীর মাঝখানে পৌঁছালে কালুর সহায়তায় তার বন্ধু তুস্কর ওই স্কুলছাত্রীকে পেছন দিক থেকে জাপটে ধরে। এ সময় তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ সময় নৌকায় থাকা ভ্যানচালক আশিকুল ইসলাম ঘটনার প্রতিবাদ করেন। এতে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৬ নভেম্বর মান্দা থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ও ৩০ ধারায় রুজু করা হয়েছে। এ মামলায় পুলিশ রশিদ ওরফে বাপ্পি ওরফে কালুকে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত তুস্করকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content