সারাদেশ

নওগাঁর মান্দায়  পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৭ নভেম্বর ২০২৬ , ৮:১৪:৩২ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় পুকুরের ভাঙনে সংকুচিত হয়ে পড়ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ। মাঠের পশ্চিম পাশের একটি গভীর পুকুরের পাড় ভেঙে ইতোমধ্যে বেশ কিছু অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির নতুন একাডেমিক ভবন নির্মাণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া গ্রামে অবস্থিত মাদ্রাসাটির মাঠের পশ্চিম পাশে রয়েছে ওই পুকুর। দীর্ঘদিন ধরে পুকুরের পাড় সংস্কার না করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে দিন দিন ছোট হয়ে আসছে মাদ্রাসার মাঠ।
এ অবস্থায় মাঠটি রক্ষায় দ্রুত গাইডওয়াল নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহল। তাঁদের দাবি, পুকুরের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হলে মাঠের পরিসরও বাড়ানো সম্ভব হবে।
প্রতিষ্ঠানের টি-আর সদস্য ও সহকারী শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন বাবু বলেন, মাদ্রাসার তিন পাশে আবাসিক এলাকা। পশ্চিম পাশে পুকুরের কারণে মাঠের বেশ কিছু জায়গা ভেঙে গেছে। ওই অংশ সংস্কার করা হলে মাঠের পরিসর আরও ১৫ থেকে ২০ ফুট বাড়ানো সম্ভব হবে।
ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন বলেন, শিক্ষার মান, ফলাফল ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় প্রতিষ্ঠানটি এলাকায় সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে মাঠ সংস্কার জরুরি। এ জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুল ইসলাম শাহীন বলেন, সম্প্রতি প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। অল্প সময়ের মধ্যেই ভবনটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় পুকুরের ভাঙন রোধ ও মাঠ সংস্কার করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন বলেন, মাদ্রাসার মাঠের বিষয়টি শুনেছি। লিখিত আবেদন পেলে বিষয়টি পর্যালোচনা করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

আরও খবর

Sponsered content