সারাদেশ

শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল: অস্থিতিশীলতা বন্ধ করুন, ব্যর্থ হলে পদত্যাগ করুন

  এম.আমিরুল ইসলাম জীবন.স্টাফ রিপোর্টার ১৬ নভেম্বর ২০২৬ , ৮:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল ছোটআঁচড়া মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেনাপোলের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
শার্শা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে এবং বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম এবং শার্শা উপজেলা জামায়াতের নায়েবি আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম এবং শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত স্বৈরাচারী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়। কিন্তু তারপর থেকেই তারা বাংলাদেশে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, “আপনারা স্বৈরাচার হাসিনার দোসর আওয়ামী লীগকে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পথ থেকে প্রতিহত করুন। যদি দেশের শান্তি বজায় রাখতে ব্যর্থ হন, তবে সরকারের পদ থেকে পদত্যাগ করুন। অন্যথায় দেশবাসী মনে করবে, আপনারাও এই স্বৈরাচারদের সাথে কোনো গোপন আঁতাত করে চলেছেন।”
বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ এবং পলাতক স্বৈরাচারের সব ষড়যন্ত্র প্রতিহত করার জোর দাবি জানান। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বেঁচে থাকতে এই দেশকে পুনরায় কোনো স্বৈরাচারের হাতে বা স্বৈরাচার হাসিনার চক্রান্তের শিকার হতে দেবে না।

আরও খবর

Sponsered content