সারাদেশ

সাতক্ষীরা কাফনের কাপড় পরে তরুণদের অভিনব ‘গ্লোবাল  ক্লাইমেট স্ট্রাইক`

  সাতক্ষীরা প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৫:৪৫:৩৭ প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর উদ্যোগে শহরের রাজপথে কাফনের কাপড় পরে প্রতীকী ‘মৃতদেহ’ সেজে বিক্ষোভ করেন শতাধিক তরুণ-তরুণী ও জলবায়ুকর্মী।
‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ শীর্ষক এই কর্মসূচির শুরুতে আন্দোলনকারীরা জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণসায়ের খালপাড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় পরিবেশ রক্ষা, সুপেয় পানির ন্যায্যতা, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং উপকূল রক্ষার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট দুর্যোগের ভয়াবহতা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, বৈশ্বিক উষ্ণায়নের জন্য শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর চরম মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষকে। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন ও তীব্র লবণাক্ততায় উপকূলবাসীর জীবন-জীবিকা ও বাস্তুভিটা আজ হুমকির মুখে। তাই চলমান কপ সম্মেলনে বাংলাদেশের জন্য পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’-এর ভয়াবহতা স্মরণ করে জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, সরকারি হিসাবে সিডরে ৩ হাজার ৪৯৫ জন প্রাণ হারালেও বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি। সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার মাধ্যমেই কেবল সেই দুর্যোগে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।
বিশ্বনেতাদের শুধু প্রতিশ্রুতির বুলি না আউড়ে অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়নের আহ্বান জানান প্রথম আলোর সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন। চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, সিডর বা আইলার মতো দুর্যোগের ক্ষত না শুকাতেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দানবীয় ঝড়ের পুনরাবৃত্তি কেবলই বাড়ছে। সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রশ্ন তোলেন, আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হবে?
ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, উপকূলবাসী কোনো সাময়িক ত্রাণ বা করুণা চায় না; বরং তারা চায় টেকসই বেড়িবাঁধ, লবণাক্ততামুক্ত সুপেয় পানি এবং কৃষিজমি রক্ষার মাধ্যমে খাদ্য নিরাপত্তা। অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর স্থায়ী নিরাপত্তা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টার নিউজের সাংবাদিক গাজী ফরহাদ, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর ও মিতু মণ্ডল। এ ছাড়া বেসরকারি সংস্থা লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন এবং আফজাল হোসেন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content