মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৬ , ৫:০০:৩৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের দৌড়ঝাঁপের মধ্যে পড়ে বিএনপির এক কর্মী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশনের দক্ষিণে একটি ঈদগাহ মাঠে।
নিহতের নাম আব্বাস উদ্দিন। তিনি স্থানীয় বিএনপির কর্মী এবং ধর্মঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল হকের চাচা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যে সংঘটিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে একটি সালিশ বৈঠক চলছিল। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ ফারুক। এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ফারুক আহমেদ ফারুকসহ কয়েকজনকে গ্রেফতারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মাধবপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাজুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়।
এই দৌড়ঝাঁপের মধ্যেই বিএনপি কর্মী ও স্থানীয় কৃষক আব্বাস উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে স্বজনরা জানিয়েছেন। একই দিন তার দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা যুবদলের নেতা সাইফুজ্জামান টিটু বলেন, “আব্বাস উদ্দিন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ভিড় ও উত্তেজনার মধ্যে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এখানে পুলিশের কোনো সরাসরি দোষ ছিল না।”
অন্যদিকে ধর্মঘর ইউনিয়নের গ্রাম পুলিশ শিবু সরকার বলেন, “পুলিশি পরিস্থিতির ভয়ে ও দৌড়ঝাঁপের মধ্যে পড়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ আব্বাস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




















