রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুরে একটি বাড়ির গরু রাখার স্থান থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি থানার পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পার্বতীপুর শহরের পাওয়ার হাউস সুইপার কলোনি ও দিনাজপুর রেলগেটসংলগ্ন এলাকায় সোহাগের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির গরু রাখার স্থানে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি কৌটায় তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
তবে উদ্ধার করা ইয়াবাগুলো কার এবং কোথা থেকে সেখানে আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার এসআই অমিত পার্থ সরকার, টাউন ফাঁড়ির এসআই নূরনবী সরকার, কনস্টেবল মলিন চন্দ্র, নারী এসআই জোসনা খাতুন, চালক ফখরুল ইসলাম এবং রেলওয়ে ইন্টেলিজেন্ট টিমের সদস্য আরমান ও মাইদুল উপস্থিত ছিলেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার সূত্র জানিয়েছে।





















