প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৮:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে রাফা মনি নামের সাত মাসের কন্যা শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে তার বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় কামার পাড়া সিরাজ মার্কেট এলাকায় ঘটনা ঘটে।
কবির হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুচ্ছ গ্রামের স্থায়ী বাসিন্দা। তুরাগের কামার পাড়ায় পরিবার নিয়ে ভাড়া থেকে রিকশা চালান তিনি।
জানা গেছে, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে গতকাল বুধবার রাফাকে আছাড় দেন তার বাবা কবির হোসেন। পরে গুরতর আহত রাফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী লিমা বেগম বলেন, ‘বুধবার বিকেলে পারিবারিক বিষয়াদি নিয়ে আমাকে মারধর করে কবির। পরে আমি সন্তানকে নিয়ে আমার বাবার বাড়ি যাই। পরে সন্ধ্যায় সে (কবির) আমাদের বাসায় আসে। পরে তার সাথে বাসায় যাচ্ছিলাম। যাওয়ার পথে এসব নিয়ে কথা-কাটাকাটি হয়। সে সন্তানকে কোল থেকে নিয়ে আছাড় দিয়ে ফেলে দেয়।’
নিহতের নানি বলেন, ‘কবির পেশায় রিকশাচালক। নেশা করত। ঠিকমতো কাজ করতো না। বিভিন্ন অজুহাতে আমার মেয়েকে মারধর করত। সংসারে অভাব অনটন লেগে থাকত।’
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। শিশুটির বাবা কবির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।





















