সারাদেশ

নওগাঁ-৪ আসনের নবনির্বাচিত এমপি ডা. টিপুকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান শিক্ষক নেতারা

  মাহবুবুজ্জামান সেতু ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০০:২৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁর নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান স্থানীয় শিক্ষক নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও প্রতিক্রিয়ায় তারা এ প্রত্যাশার কথা জানিয়েছেন।

ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন সরদার বলেন, “মান্দার মানুষের প্রত্যাশা ডা. টিপুকে মন্ত্রিসভায় দেখা। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তিনি চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন।”

রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, “নবনির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপুকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার সততা, দক্ষতা ও জনসম্পৃক্ততা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আহ্বায়ক ও মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সদেরুল ইসলাম বলেন, “ডা. ইকরামুল বারী টিপু একজন মানবিক চিকিৎসক। স্বাস্থ্যখাতে তার দীর্ঘ অভিজ্ঞতা দেশকে উপকৃত করবে।”

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা শাখার সভাপতি মো. গোলাম সরোয়ার স্বপন বলেন, “জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতে কার্যকর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তার রয়েছে। দায়িত্ব পেলে দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আসবে।”

মান্দা উপজেলা শাখার উপদেষ্টা ও কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন ও গ্রামীণ জনগণের জন্য সহজপ্রাপ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার মতো অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্ব প্রয়োজন।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ডা. ইকরামুল বারী টিপু। স্থানীয় বিশ্লেষকদের মতে, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন।

আরও খবর

Sponsered content