সিলেট প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ১:৪৯:২১ প্রিন্ট সংস্করণ
আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরের মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত (টেক্সটাইল রোড) সড়কের আরসিসি কাজ, উভয় পাশে ড্রেন, ফুটপাত ও সীমানাপ্রাচীর নির্মাণকাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সড়কটির উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই রাস্তাটির মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। আমরা এটিকে দুই ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথম ভাগে ১ হাজার ৪৮০ মিটার অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। আগে এই সড়কের প্রস্থ ছিল ১৮ ফুট, যা এখন বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। এর পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।’
নগর উন্নয়নের পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর সিলেট সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি আমাকে একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন, সিলেটের ৪২টি ওয়ার্ডে মোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। আমাদের এখনকার চেষ্টা হলো, আরও ৫৫ বছর না লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়ক সম্পন্ন করা।’
সিটি করপোরেশনের কাজের বিষয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রায় প্রতি সপ্তাহেই একটি-দুটি সড়ক উদ্বোধনের সুযোগ হচ্ছে। আমরা একটি বড় প্রকল্প আনার চেষ্টা করছি, যাতে এই শীত ও পরবর্তী মৌসুমে কাজ করে সিলেটের সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা দেওয়া যায়।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও মানুষের সুযোগ-সুবিধা বাড়াতে বর্ধিত প্রতিটি ওয়ার্ডে জিন্দাবাজারের মতো সড়ক নির্মাণ করা হবে। শুষ্ক মৌসুমে ব্যাপক কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘একটি প্রকল্প শেষ হয়েছে, আরেকটি প্রকল্প পাস করিয়ে আনা হচ্ছে। আমরা সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
বক্তব্য শেষে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















