প্রতিনিধি ২২ মে ২০২৬ , ২:১২:৪৪ প্রিন্ট সংস্করণ
বরগুনায় অবৈধভাবে পাচারকালে ১ কোটি টাকা মূল্যের প্রায় ২৩ লাখ অবৈধ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ট্রাক দুটি আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বরগুনার বিভিন্ন রুট ব্যবহার করে অবৈধভাবে চিংড়ির রেণু পোনা পরিবহন করে আসছিল। গোপন নজরদারির মাধ্যমে এনএসআই চক্রটির গতিবিধি শনাক্ত করে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ঘটনাস্থলে অভিযান চালায়। উদ্ধারকৃত রেণু পোনা পরে বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা না গেলেও ট্রাকের দুই চালককে আটক করা হয়েছে।
অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, নিয়মিতভাবে এ ধরনের মৎস্য অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, নদী থেকে প্রাকৃতিকভাবে চিংড়ির পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চিংড়ি পোনা সংগ্রহের সময় বিপুল পরিমাণ অন্যান্য জলজ প্রাণীর পোনা ধ্বংস হয়, যা পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। উদ্ধারকৃত পোনার কোনো বৈধ হ্যাচারি বা লাইসেন্স পাওয়া যায়নি। আটক দুই ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















