পবিত্র রমজান মাসে হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী-এর ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মাহফিলে বাধা দেওয়ার অভিযোগকে “ফ্যাসিবাদের লক্ষণ” হিসেবে আখ্যায়িত করেছেন সাংবাদিক অলিউল্লা নোমান।
সোমবার (২ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পেশিশক্তি ও প্রশাসন ব্যবহার করা স্পষ্ট ফ্যাসিবাদী আচরণ। রমজানের মতো পবিত্র সময়ে এ ধরনের কর্মকাণ্ড অতীতের শাসনামলকেও হার মানাচ্ছে।
অলিউল্লা নোমান প্রশ্ন তুলে বলেন, “গিয়াস উদ্দিন তাহেরী নির্বাচনে অংশগ্রহণ করায় কি কোনো অপরাধ করেছেন? সেই কারণে তার ওয়াজ মাহফিল বন্ধ বা বাধা দেওয়া কি গণতান্ত্রিক আচরণ?” তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এবং বলেন, জনগণের করের টাকায় নিয়োজিত কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা।
জানা গেছে, হবিগঞ্জ–৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাহেরীর নিজ নির্বাচনী এলাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির এক নেতা।
রবিবার (১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন আন্দিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাহফিলে সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের আশঙ্কা রয়েছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় সোমবার (২ মার্চ) ধর্মীয় ওরস ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণের কথা জানা গেছে। আয়োজক কমিটির দাবি, এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে আল্লামা কাফিল উদ্দিন সরকার ও মুফতি মোস্তফা কামালসহ আরও বক্তারা অংশ নেবেন। আয়োজকদের মতে, মাহফিলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-এর মহাসচিব অদক্ষ্য স.উ.ম আবদুস সামাদ ফেসবুকে মন্তব্য করেছেন, নতুন সরকারকে বিতর্কিত করার জন্য পূর্বনির্ধারিত মাহফিল বন্ধের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মামলা, হামলা বা হুমকি দিয়ে তাহেরীর আগমন রোধ করা যাবে না। প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুল ইসলাম জানান, অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, মুরাদপুরে নির্ধারিত ওয়াজ মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।