সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে পুশইন করলো বিএসএফ

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার  ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:২২:০৯ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের পুশইন করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার কারিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর, সাদ্দাম লস্কর, লিপি লস্কর ও মোসা. ফিরোজা এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দুরে গ্রামের হায়দার সরদার।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিভীষণ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ -এর সাব পিলার ৭১-এর আনুমানিক বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে লালমাটি খড়ির ঘাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
তিনি আরও জানান,আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আজ সকালে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান,বিএসএফের কাছ থেকে পুশইন হওয়া বাংলাদেশি নাগরিকদের বিজিবি থানায় পাঠিয়েছে। আপাতত তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content