প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১১:২২:৪৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অরবিন্দু রায়।
তিনি জানান, সতীশ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ বুধবার দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সতীশ চন্দ্র রায় স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ জন্মস্থান বিরলের মঙ্গলপুরে শোকের ছায়া নেমে আসে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় ছিলেন দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সতীশ চন্দ্র রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।





















