প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ১২:০৯:১৫ প্রিন্ট সংস্করণ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে তারই প্রচার টিমে যুক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির এক সদস্য।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা সাংবাদিকদের বলেন, “একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েক দিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যুক্ত হয়।”
এদিকে, গুলিবর্ষণের ঘটনাটি নিয়ে পুলিশ ও র্যাব সদস্যরা আশপাশের এলাকার ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা প্রাপ্ত সব তথ্য–উপাত্ত যাচাই–বাছাই করছেন।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার মোটিভ ও জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।





















