মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ , ৪:৫৮:৩৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম (৪৪) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী দল মতিহার থানার এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। বর্তমানে তিনি নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। অভিযানে তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিক ইসলামের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মানিক চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে। বর্তমানে তিনি এমদাদপুর গ্রামে বসবাস করেন।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















