আন্তর্জাতিক

সৌদি আরব ভ্রমণে ২ দেশের সতর্কতা, বিমানবন্দর বন্ধের শঙ্কা

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ , ১১:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ইতালি ও কানাডা। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশটির কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য জানিয়েছে কানাডা। পরিস্থিতির আরও অবনতি হলে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

গত ২২ অক্টোবর হালনাগাদ করা ভ্রমণ সতর্কবার্তায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

জরুরি প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে কিংবা দেশটির সীমান্ত অতিক্রম করে যাতায়াতের ক্ষেত্রে আকাশপথের বিকল্প ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

ইতালির যেসব নাগরিক ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশনাও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আশপাশ এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শও পুনর্ব্যক্ত করেছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকায় যাতায়াত কঠোরভাবে নিরুৎসাহিত করেছে দেশটি।

অন্যদিকে, সৌদি আরবে ভ্রমণসংক্রান্ত সতর্কবার্তা হালনাগাদ করেছে কানাডা সরকারও। চলমান সামরিক তৎপরতার কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content