প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ১২:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ
ঢাকা, ৩ নভেম্বর: বাংলাদেশের রাজনীতিতে দুটি দল ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও দৌলতপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।
তিনি বলেন, “একটি হলো এনসিপি নামের নব্য শিশু দল, যাদের এখনো নির্বাচন কমিশনে নিবন্ধন হয়নি। অন্যটি জামায়াতে ইসলামী, যারা ১৯৭১ সালে জঘন্য অপরাধ করেও এখনো জনগণের কাছে ক্ষমা না চেয়ে রাজনীতি করছে।”
রোববার (২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা নিয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, “আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা মুক্তির সনদ। যারা এখন জাতীয় ঐক্যের নামে নানা প্রস্তাব দিচ্ছেন, তারা ভুলে গেছেন— ২০২৩ সালেই তারেক রহমান জনগণের মুক্তির সনদ হিসেবে ৩১ দফা ঘোষণা দিয়েছিলেন। সে সময় স্বৈরাচার হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যে সাহসিকতার সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা দিয়েছেন, তা ছিল যুগান্তকারী।”
তিনি আরও বলেন, “৩১ দফায় উল্লেখ করা হয়েছে— একই ব্যক্তি পরপর দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটি বাংলাদেশের গণতন্ত্রের ভারসাম্য রক্ষার এক ঐতিহাসিক পদক্ষেপ।”
বিএনপির এই নেতা বলেন, “ষড়যন্ত্র নয়, নির্বাচনে আসুন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাঠে জনগণের ভালোবাসা নিয়ে আসুন, ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিন।”
জনগণের উদ্দেশে শরিফ উদ্দিন জুয়েল বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না; চাই সুস্থ প্রতিযোগিতার রাজনীতি। ঐক্যবদ্ধভাবে দৌলতপুরকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
তিনি বলেন, “দৌলতপুরে মরণব্যাধির মতো ছড়িয়ে পড়া মাদক ও সন্ত্রাস দূর করে তরুণদের জন্য মাদকমুক্ত পরিবেশ গড়তে চাই। পদ্মা নদীর দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেব এবং চরাঞ্চলের শতভাগ মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।”
বৈঠকের শেষে শরিফ উদ্দিন জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফার সুফল নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার মাঝে লিফলেট বিতরণ করেন।
তিনি জাতীয় রাজনীতিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চান।





















