আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১:২৯:১১ প্রিন্ট সংস্করণ

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত ও আরও ৫৪ জন আহত হয়েছেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ সাংবাদিকদের জানান, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন নিহত হয়েছেন। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বেজাইয়া প্রদেশের সুক এল থেনিন শহরের একটি হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব তথ্য জানান। সেখানে দাবানলে আহতদের চিকিৎসার পরিস্থিতি পর্যালোচনা করেন মন্ত্রী। সরকারি আলজেরিয়া প্রেস সার্ভিসের তথ্য অনুযায়ী, ওই হাসপাতালে ৫৪ জনকে দগ্ধ হওয়ার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সায়ুদ জানান, বুধবার দেশজুড়ে মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুনের সূত্রপাত হয়। ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু ও তেবেসা প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে বেজাইয়ায় এখনো ১৮টি এলাকায় আগুন জ্বলছে। জিজেল প্রদেশের ১২টি পৌরসভাতেও আগুন নিয়ন্ত্রণে অভিযান চলছে।

দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যম জিজেল নিউজের প্রচারিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দাদের একটি পোস্ট অফিসে আশ্রয় নিতে দেখা গেছে।

আলজেরিয়ায় তীব্র দাবদাহের মধ্যেই এই দাবানল ছড়িয়ে পড়েছে। একই সময়ে প্রতিবেশী তিউনিসিয়াতেও তীব্র তাপপ্রবাহ চলছে।

গ্রীষ্মের চরম সময়ে আলজেরিয়ায় প্রায়ই ভয়াবহ দাবানল দেখা যায়। শুধু গত মাসেই দেশটিতে দাবানলে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাস দেশটির ভূমধ্যসাগরীয় বনাঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। দীর্ঘস্থায়ী খরা ও জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

দাবানল নিয়ন্ত্রণে দমকল ও জরুরি বিভাগের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তীব্র গরম, শুষ্ক পরিবেশ ও একাধিক স্থানে একসঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

আরও খবর

Sponsered content