আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিমানবন্দর ও রেলসেবা বন্ধ, ক্লাস স্থগিত

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১০:৩২:৩৪ প্রিন্ট সংস্করণ

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় ট্রেন ও মেট্রো রেলসেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে চলতি সপ্তাহের বাকি সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে এলাকায়। মাত্র ৩৯ সেকেন্ড পর একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের ট্রেন ও মেট্রো রেলসেবা বন্ধ থাকবে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সপ্তাহের অবশিষ্ট সময়ের জন্য ক্লাস স্থগিত করা হয়েছে।’

এদিকে রাজধানী কারাকাসের উপকণ্ঠে অবস্থিত মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে বিমানবন্দরের ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content