প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৩৮:১২ প্রিন্ট সংস্করণ
চীনে ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ। পুল ‘বি’র দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪–২ গোলে হেরেছে যুবারা।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান। রক্ষণাত্মক কৌশলে খেলা হওয়ায় প্রথম ১৫ মিনিটে কোনো গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে মালয়েশিয়া। এ সময় দুটি গোল করে এগিয়ে যায় তারা। ২৪ মিনিটে আবদুল্লাহর গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ২–১ গোলে এগিয়ে ছিল মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে বাংলাদেশ। ৩৩ মিনিটে মাহাদী হাসান অভির গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ২–২। এরপর জয়ের জন্য দুই দলই আক্রমণ বাড়ালেও শেষ পর্যন্ত মালয়েশিয়াই সফল হয়েছে। শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।















