নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশঃ ১০ নভেম্বর ২০২৫ , ৭:২৫:০০ প্রিন্ট সংস্করণ
চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আদালতে আজিজকে আরও দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিদর্শক জাহাঙ্গীর।
এর আগে গত ২৯ অক্টোবর আজিজুর রহমানকে প্রথম দফায় দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার চাঁদাবাজি মামলায় তিনি এজাহারনামীয় অষ্টম আসামি। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শামীম ওসমানের ঘনিষ্ঠ এই সহযোগী আজিজ ও তার সহচররা এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল পরিমাণ মালামাল লুট ও মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিলেন।
এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে আসামি করা হয়।
এরশাদ আলী দৈনিক মতপ্রকাশকে বলেন, “শামীম ওসমানের সহযোগী আজিজ ও তার চক্রের চাঁদাবাজি ও লুটপাটে আমাদের গ্রুপ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নারায়ণগঞ্জে এবি ব্যাংকের ঋণে গড়া কারখানাটিও তারা দখল করে নিয়েছিল।”
তিনি আরও জানান, “আজিজের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাডাররা ব্যবসা ধ্বংস করে দিয়েছে, যার ফলে আমরা ঋণ খেলাপি হয়েছি।”
এদিকে, মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আজিজের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট ও জাল-জালিয়াতিসহ একাধিক মামলা চলমান রয়েছে।















