আইন-আদালত

মাওলানা ফারুকী হত্যা মামলায় চার্জগঠনের শুনানি পেছাল

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ , ২:৪৪:১০ প্রিন্ট সংস্করণ

ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় উপস্থাপক ও মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় চার্জগঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর ঠিক করেছেন আদালত।

এক যুগের বেশি সময় আগের এ হত্যাকাণ্ডের এ মামলায় আজরোববার ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম নতুন এ তারিখ ঠিক করেন।

এ মামলায় কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে দেন আদালত।

এদিন এ মামলায় জামিনে থাকা আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন, ও আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজিরা দেন।

তবে, মামলার দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ফারুকীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ফয়সাল ফারুকী মামলা দায়ের করেন। ঘটনার ১০ বছর পর ২০২৪ সালের ৫ নভেম্বর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম।

হত্যার অভিযোগে মামলা হলেও সিআইডি পুলিশের তদন্তে আসামিদের বিরুদ্ধে খুনসহ ডাকাতির অভিযোগ উঠে আসে।

মামলার এজাহার থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে নুরুল ইসলাম ফারুকীর বাসায় কলিং বেল চাপ দেয় দুর্বৃত্তরা। বাসার দরজা খুললে দুই জন লোক বাসায় প্রবেশ করে নুরুল ইসলামের সঙ্গে ড্রয়িং রুমে বসে। এর কিছুক্ষণ পর আরও ৬/৭ লোক বাসায় প্রবেশ করে। বসার স্থান সংকুলান না হওয়ায় ফয়সাল ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন ভেতর থেকে চেয়ার আনতে যান। সে ফিরে এসে দেখে নুরুল ইসলামের মাথায় পিস্তল ও চাপাতি ধরে রেখেছে আসামিরা। পরে তারা বাসার সবাইকে বেঁধে নুরুল ইসলাম ফারুকীতে হত্যা করে। আসামির বাসা থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার, ক্যামেরা নিয়ে যায়।

আরও খবর

Sponsered content