সারাদেশ

ঝিকরগাছায় নবাগত ইউএনওকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১৮ আগস্ট ২০২৬ , ১২:২৬:১৭ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি এম. সাইফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ ইউএনওর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন শিক্ষকরা।

প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, ‘ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি স্যারের নেতৃত্ব, দিকনির্দেশনা ও সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।’

শুভেচ্ছার জবাবে ইউএনও ও বিদ্যালয়ের সভাপতি এম. সাইফুল্লাহ শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজ খানম চায়না, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, শবনাম পারভিন, স্বপন কুমার ঘোষ, সিরাজুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর উজ্জল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, শাকিলা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এম. সাইফুল্লাহ গত ১০ আগস্ট ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content