সারাদেশ

ঘূর্ণিঝড় আকভান: পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে বৃষ্টি

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ১:১৪:২৭ প্রিন্ট সংস্করণ

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালীতে বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে শীতের অনুভূতি; এতে উপকূলের জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, সাগরে থাকা জেলেদের সতর্কতার সঙ্গে অবস্থান করতে এবং নিরাপদে থাকতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content