নেত্রকোনা প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৯:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার বারহাট্টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটলীসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে উপজেলার পাটলী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। ইমরান হোসেন সুমন অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সিলেটের জাফলংয়ে তাঁর বাড়ি ও পাথর ক্রাশার কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কোটি টাকার যন্ত্রপাতি লুটের অভিযোগও করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, একই রাতে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
একই রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, “এসব ঘটনার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাগুলো সম্পর্কে জেনেছি। এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”















