কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ১০:০১:২৬ প্রিন্ট সংস্করণ
নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন; তাঁর সঙ্গে আর কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে তিনি বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন তিনি। ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
দুই দিনেও তাঁর সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।















