নেত্রকোনা প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৬:৫২:২৮ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর পাঠদান ও দাপ্তরিক কাজ চলছে অনেকটা জোড়াতালি দিয়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বারহাট্টায় ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদের বিপরীতে শূন্য রয়েছে ৬১টি পদ। এ ছাড়া সহকারী শিক্ষকের ৫৫৮টি পদের মধ্যে ২২টি পদ খালি রয়েছে। এতে বিদ্যালয়গুলোর স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুধু বিদ্যালয় নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়েও জনবল ঘাটতি প্রকট। চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এটিও) স্থলে কর্মরত আছেন দুজন। সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) শিউলি দাস যোগদানের পর থেকেই প্রেষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিজি অফিস) দায়িত্ব পালন করছেন; ফলে নতুন কর্মকর্তা পদায়ন করা যাচ্ছে না।
বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হককে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব সামলাতে হচ্ছে। কার্যালয়ের পাঁচজন কর্মচারীর মধ্যে হিসাব সহকারী ও উচ্চমান সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য এবং দুটি অফিস সহকারীর পদের বিপরীতে কর্মরত আছেন একজন।
কয়েকজন সহকারী শিক্ষক জানান, বিদ্যালয় ও কার্যালয়ে পদ শূন্য থাকায় সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত শূন্য পদ পূরণ ও স্থায়ী কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বলেন, “কাজের যে চাপ, তা বলে বোঝানো যাবে না। সব দায়িত্ব আমাকে একাই সামলাতে হচ্ছে। কার্যালয়ে দ্রুত পর্যাপ্ত জনবল দেওয়া জরুরি।”
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মাহবুব জামান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ওইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। একজন স্থায়ী টিও না থাকায় প্রশাসনিক কাজে প্রভাব পড়ে; আমরাও চাই দ্রুত স্থায়ী কর্মকর্তা দেওয়া হোক।”




















