বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৩:০২:০৩ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বস্তুগুলো দেখতে পান। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামীণ ব্যাংকের মনিগ্রাম শাখার ব্যবস্থাপক মো. মহসিন রেজা জানান, বৃহস্পতিবার সকালে দাপ্তরিক কাজের উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশের সময় তিনি সীমানা প্রাচীরের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি—মোট ছয়টি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হয়।
শাখা ব্যবস্থাপক আরও জানান, আগের দিন বুধবার রাত ১২টা থেকে ব্যাংকের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। তবে পাহারা থাকা অবস্থায় কখন বা কীভাবে এসব বস্তু সেখানে রাখা হয়েছে, তা তিনি জানেন না।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, রাত ১২টা থেকে তাঁরা সেখানে দায়িত্বে ছিলেন। তবে কখন বা কীভাবে ব্যাংকের সীমানায় এসব বস্তু নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু টের পাননি।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা এলে এগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ব্যাংকের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, রাতভর পুলিশি পাহারার মধ্যেও ব্যাংকের সীমানার ভেতরে ককটেলসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।




















