কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ৩:০৯:০৪ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; এ ঘটনায় চারজন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুজন (২২)। তিনি বড়ভিটার কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে। আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুনের নাম জানা গেছে; বাকি একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত শেষে শুক্রবার ভোর চারটার দিকে গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, “ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”





















