সারাদেশ

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর সংযোগ সড়ক আটকে ভোগান্তি

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ৬:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন নতুন সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। জমি অধিগ্রহণ নিয়ে রেলওয়ে ও ব্যক্তিমালিকানা দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে এ জটিলতা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরনো সোনাহাট সেতুর দক্ষিণে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ শুরু করে কুড়িগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও কাজের ধীরগতির কারণে কয়েক দফা সময় বাড়িয়েও কাজ শেষ হয়নি। এর মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই ট্রাকের ভারে পুরনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে গেলে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র ও জমির নথিপত্র অনুযায়ী, বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতকসহ মোট ৫৭১ দশমিক ২৩ শতক (প্রায় ৬ একর) জমি নিয়ে মালিকানা দাবি করছেন স্থানীয়দের একটি অংশ। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানাধীন দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসককে চিঠি দিয়েছে। একই জমি নিয়ে ব্যক্তি ও রেলওয়ের দাবির কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আটকে আছে। বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিক বৈঠক হলেও সমাধান হয়নি।

জমির মালিকানা দাবি করা আ. জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ কয়েকজন বাসিন্দা বলেন, “এ জমি আমাদের পৈত্রিক সম্পত্তি এবং একাধিক রেকর্ডে আমাদের নাম রয়েছে। অথচ রেলওয়ে তাদের জমি বলে দাবি করছে। প্রকৃত মূল্য না দিয়ে বাড়িঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব?”

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, “সেতুর উপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ করা যাবে।”

এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, “সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ আটকে আছে। অধিগ্রহণ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে।”

আরও খবর

Sponsered content