কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৬ , ১:১৭:৫০ প্রিন্ট সংস্করণ
পবিত্র রাসপূর্ণিমা তিথি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান। আগামী সোমবার (২৩ নভেম্বর, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্রে এ আয়োজন করবে ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন। সম্মেলন ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন আয়োজকেরা।
আয়োজক সূত্রে জানা গেছে, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির সংশ্লিষ্ট নেতৃত্বের সহযোগিতায় এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহামতুয়াচার্য সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন বরগুনা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রমের গদিনশীন গুরুদেব ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল এবং মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন মহিপুর ব্রহ্মচারী শ্রী সুবোধ চাঁদ সেবাশ্রমের শ্রীমৎ প্রসেনজিৎ গোঁসাই।
মহাসম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস ও সদস্য ড. সঞ্জয় কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ কমিটির সভাপতি সমীর চন্দ্র তালুকদার এবং স্বাগত বক্তব্য দেবেন মিশনের কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক ও উদ্যাপন কমিটির সদস্যসচিব বিনয় ভূষণ বড়াল।
এ ছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিটির নির্বাহী সভাপতি ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অরুণ কুমার পান্ডে, কেন্দ্রীয় মিশনের উপদেষ্টা শ্রীমৎ মনোরঞ্জন গোঁসাই, বাংলাদেশ কমিটির উপদেষ্টা রঞ্জন মণ্ডল, পটুয়াখালী জেলা কমিটির সভাপতি দীপক কুমার দাস, নড়াইল জয়পুর তারকধামের শ্রীমৎ অজয় গোসাঁই, গোসাঁই সমিতির সভাপতি শ্রীমৎ জীবনানন্দ গোঁসাই (পান্ডে) এবং ঢাকা জেলা কমিটির সভাপতি দিলীপ সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





















