সারাদেশ

মাগুরায় সরকারি খাল দখল, ব্যবস্থার আশ্বাস

  মাগুরা প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ৫:৫৯:২২ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া-ঘাসিয়ারা মাঠে সরকারি অর্থে পুনঃখনন করা খালের দুই পাড় কেটে ও ভরাট করে কৃষিজমি তৈরির অভিযোগ উঠেছে। এতে খালের প্রশস্ততা কমে গিয়ে এলাকার পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বাড়ানো ও জলাবদ্ধতা নিরসনে সম্প্রতি সরকারি অর্থে কাদিরপাড়া-ঘাসিয়ারা মাঠের খালটি পুনঃখনন করা হয়। অভিযোগ রয়েছে, খননকাজ শেষ হওয়ার পর ঘাসিয়ারা গ্রামের সাহেব আলী, খবে, আইয়ুব, তৈয়্যেব ও কাবিল খালের দুই পাড়ের মাটি কেটে খালের ভেতরের অংশ ভরাট করেন এবং সেখানে পাড় বেঁধে নিজেদের জমির সীমানা বাড়ান।

ভুক্তভোগী কৃষকদের আশঙ্কা, খাল ভরাটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে সেচ ও জলাবদ্ধতা নিরসনে সমস্যা হবে; অন্যেরাও একই কাজ করলে খালটির অস্তিত্ব সংকটে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, “সরকারি অর্থে খালটি খনন করা হলেও কয়েকজন ব্যক্তি নিজেদের সুবিধার্থে খাল ভরাট করে জমি বাড়াচ্ছেন। বাধা দিলেও তাঁরা শোনেননি। দ্রুত উচ্ছেদ ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের কয়েকজন বলেন, “খালের পাড় কেটে জমি তৈরি করা ভুল হয়েছে। জমিতে ফসল থাকায় এখনই মাটি সরানো যাচ্ছে না; আগামী চৈত্র মাসে নিজ উদ্যোগে মাটি তুলে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। সরকারি খাল দখলের কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content