সারাদেশ

নাশকতা প্রতিহতের অঙ্গীকার: মান্দায় লকডাউনবিরোধী কর্মসূচিতে স্থানীয় বিএনপি

  নওগাঁ প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৮:১৮:১৩ প্রিন্ট সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ ও শামসুল ইসলাম বাদল, যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজান ও সিদ্দিক হোসেন। এ ছাড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ কুমার এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সফল হবে না। যেকোনো অপতৎপরতা ও নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রাজপথে থাকবেন বলে জানান তাঁরা।

আরও খবর

Sponsered content