সিলেট প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ২:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ
সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় অবস্থিত একটি ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে, যিনি কখনও নিজেকে রাজনৈতিক নেত্রী, আবার কখনও সাংবাদিক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের পরিচালক স্বপ্না বেগম জানান, গত ২১ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৩৪ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে বিএনপির নেত্রী ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, কয়েক মাস ধরে লাকি আহমেদ ও বাপ্পী নামের দুই ব্যক্তি তার প্রতিষ্ঠানে এসে বারবার চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি, এমনকি প্রাণনাশ ও অপহরণের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত লাকি আহমেদ একসময় একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে তিনি ওই সংগঠন থেকে বহিষ্কৃত হন বলে জানা যায়। বর্তমানে তিনি বিভিন্ন পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পরে ‘সমঝোতা’র নামে অর্থ দাবি করার ঘটনাও ঘটছে বলে দাবি করেছেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















