নওগাঁ প্রতিনিধিঃ ২৪ নভেম্বর ২০২৬ , ৯:০০:৪০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হাফিজুর রহমান (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
গ্রেপ্তার হাফিজুর রহমান উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমানের বিরুদ্ধে মান্দা থানায় সিআর মামলা নম্বর ৩২৯/২১ ও ২৩০০সি/২২-সহ দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।





















