নিজস্ব প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৬ , ৫:০৩:১৪ প্রিন্ট সংস্করণ
দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকিটিং খাত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। তাঁদের মতে, বাস, ট্রেন, লঞ্চ, কনসার্ট, পার্ক কিংবা উড়োজাহাজের টিকিট কেনার মতো নিয়মিত ও প্রয়োজনভিত্তিক লেনদেন পুরোপুরি ডিজিটাল পেমেন্টের আওতায় আনা গেলে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে উঠবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেঞ্চমার্ক পিআরের উদ্যোগে এবং অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজের সহযোগিতায় আয়োজিত ‘বেঞ্চমার্ক ডায়ালগ’-এ এসব কথা উঠে আসে। ‘টিকিটিং ইজ দ্য গেটওয়ে টু ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক এই আলোচনায় ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট নেটওয়ার্ক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।
স্বাগত বক্তব্যে সহজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক বলেন, দেশে অনলাইন পেমেন্ট বৃদ্ধির অন্যতম মাধ্যম হতে পারে অনলাইন টিকিটিং। ২০১৪ সাল থেকে এই খাতের অংশীজনদের নিয়ে একটি কার্যকর ইকোসিস্টেম তৈরির কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্টের প্রসার শুধু প্রযুক্তির ওপর নির্ভর করে না; বরং মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে এর সংযোগ তৈরি করাও জরুরি। ব্যাংক কার্ড, ইন্টারনেট ব্যাংকিং কিংবা এমএফএসের মাধ্যমে সহজে টিকিট কেনার সুযোগ থাকলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি তাৎক্ষণিক লেনদেন নিশ্চিতকরণ, নিরাপদ পেমেন্ট, ব্যর্থ লেনদেনের দ্রুত সমাধান এবং স্বচ্ছ রিফান্ড ব্যবস্থা থাকলে যাত্রীদের অনলাইন টিকিট কেনায় আগ্রহ আরও বাড়বে।
বক্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আন্তঃসংযোগ (ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করা, লেনদেনের খরচ যৌক্তিক রাখা, গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রযুক্তিতে কম অভ্যস্ত মানুষ এবং ডিজিটাল আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। গোলটেবিল থেকে অনলাইন পেমেন্ট বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়ক নীতিমালা প্রণয়ন এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিকাশের ইভিপি ও হেড অব গভর্নমেন্ট অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস এস এম বেলাল আহমেদ, টালিখাতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান, মাস্টারকার্ড বাংলাদেশের লিড (রিটেইল অ্যান্ড কমার্স) জুবায়ের হোসেন পাভেল, নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, আইসিটি বিভাগের ডিজিটাল কো-অপারেশন শাখার সহকারী প্রোগ্রামার মো. সাজ্জাত হোসেন এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অল্টারনেট ডেলিভারি চ্যানেলস মোহাম্মদ বরকতুজ্জামান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সিস্টেম অ্যানালিস্ট এ টি এম জসিম উদ্দিন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, বিআইবিএমের সহকারী অধ্যাপক মো. ফয়সাল হাসান, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহান, বেসিসের ডেপুটি ম্যানেজার (মিডিয়া ও কমিউনিকেশন) মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সিনিয়র অ্যাসোসিয়েট হাসিব হাসান।





















