সারাদেশ

চুনারুঘাটে খোয়াই নদীতে ইজারার বাইরে বালু উত্তোলনের অভিযোগ, ভাঙন আতঙ্ক

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৬ , ৯:১১:৩৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নুরুল ইসলাম ফাটিকের নেতৃত্বে ইজারার নির্ধারিত সীমানার বাইরে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বসতবাড়ি, বাজার, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মিরাশী ইউনিয়নের মুছিকান্দি ও আশপাশের গ্রামের বাসিন্দারা। আবেদনে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্থানীয়দের লিখিত অভিযোগ অনুযায়ী, মুছিকান্দি ও আশপাশের জনবসতিপূর্ণ এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীতে ভাঙন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের জন্য কায়দা মৌজার ইজারা নেওয়া হলেও নির্ধারিত সীমানা পেরিয়ে মুছিকান্দি মৌজা এলাকায় বালু তোলা হচ্ছে।

বিশেষ করে নালমুখ বাজারের রবিদাসপাড়া ও মুছিকান্দি গ্রামের কাছাকাছি নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি করেছেন আবেদনকারীরা। তাঁদের ভাষ্য, নদীর তলদেশ থেকে প্রায় ৬০ থেকে ৭০ ফুট গভীরতা পর্যন্ত খনন করে ৬ থেকে ৮ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে বালু তোলা হচ্ছে। জনবসতি ও স্থাপনার কাছাকাছি এ কার্যক্রমে পরিবেশ ও জননিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন তাঁরা।

এলাকাবাসীর আশঙ্কা, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে মুছিকান্দি গ্রামের প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবারের বসতবাড়ি, নালমুখ বাজারের রবিদাসপাড়া, মুছিকান্দি পুরাতন খেয়াঘাট, একটি মডেল মসজিদ ও একটি মাদ্রাসা ভাঙনের মুখে পড়তে পারে। পাশাপাশি বালু উত্তোলন ও পরিবহনের কারণে ওই পথ দিয়ে যাতায়াতকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে নালমুখ বাজার থেকে মুছিকান্দি পুরাতন খেয়াঘাট পর্যন্ত নদীতীরবর্তী এলাকা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর অনুলিপি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম ফাটিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content