আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১১ মার্চ ২০২৬ , ১২:০১:৩৪ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ)-এর উদ্যোগে Empowering Communities for Children’s Rights (ECCR) প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রকল্প অবহিতকরণ সভার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগৈলঝাড়া উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাইজিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মিখায়েল মধু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (ইসিসিআর প্রকল্প) রেজিনা জয়ধর, প্রকল্প অফিসার যিলিস্কেল ইজারাদার এবং প্রকল্প অফিসার (এফডিসিএস) উজ্জ্বল গাঠিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রকল্পের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় বক্তারা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশুদের অধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















