নওগাঁ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৯:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে নতুন ভাড়া করা ভবনে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছী সড়কে নওগাঁ জেলা কারাগারের সামনে নতুন ভবনে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা পুলিশের একটি ইউনিট ট্রাফিক বিভাগ। আগে শহরের একটি গলির ভেতরে ছোট পরিসরের ভাড়া ভবনের একটি তলায় এই বিভাগের কার্যক্রম চলত। সীমিত পরিসরের কারণে দাপ্তরিক কাজে নানা সীমাবদ্ধতা ছিল।
কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে নতুন এই কার্যালয়ের ব্যবস্থা করা হয়েছে। নওগাঁ জেলায় ই-প্রসিকিউশন কার্যক্রমও চালু রয়েছে। নতুন কার্যালয়ের মাধ্যমে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে চালানো যাবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন কার্যালয় দাপ্তরিক কাজে গতি আনার পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের কাজে সহায়ক হবে।





















