সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় মনোহারি দোকানে আগুন, ১০ লাখ টাকার ক্ষতির দাবি

  নেত্রকোনা প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ২:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে ‘মা ভ্যারাইটিস স্টোর’ নামের একটি মনোহারি দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল পুড়ে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়া বাজারের নৈশপ্রহরী আবুল কাসেম প্রথম দোকানটিতে আগুন দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। দোকানের পাশের গুদামঘরে ঘুমিয়ে থাকা কর্মচারী আশিক চিৎকার শুনে উঠে দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

দোকানমালিক সুজন মিয়া (৪৫) আমগড়া গ্রামের বাসিন্দা এবং মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে স্থানীয়দের সহায়তায় দোকানের শাটার খুলে পানি দিয়ে আগুন নেভান। দোকানমালিকের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানের সামনের এক পাশের কোণা দিয়ে শাটারের নিচে বাঁশের কঞ্চিতে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল মিশিয়ে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় লোকজন জানান, দোকানঘরের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ও তিনটি ট্রান্সফরমার রয়েছে। এ ছাড়া দোকানের ভেতরে পেট্রোলের ড্রামও ছিল। আগুনের তাপে দোকানের অন্য পণ্যসামগ্রী নষ্ট হয়। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বাজারের অন্য অংশে আগুন ছড়ায়নি বলে জানান তাঁরা।

খবর পেয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর

Sponsered content