নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ , ২:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানী থানা বিএনপির সাংগঠনিক রাজনীতিতে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন এবং সুবিধাবাদীদের পদায়নের অভিযোগ উঠেছে। তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মী ও সমর্থকের দাবি, দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা সত্ত্বেও বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুন খাঁন এখনো তাঁর সাংগঠনিক মূল্যায়ন পাননি।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, বিগত সরকারের আমলে মামলা, হামলা ও কারাবরণের মতো পরিস্থিতি মোকাবিলা করেও আল মামুন খাঁন দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। তৃণমূল কর্মীদের অভিযোগ, পরিচ্ছন্ন রাজনীতি ও নীতি-আদর্শের কারণেই তিনি সাংগঠনিকভাবে পিছিয়ে রয়েছেন; অথচ দলের বিভিন্ন পদে সুবিধাবাদী ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বনানী থানা এলাকার এক বিএনপি কর্মী বলেন, ‘দলের কঠিন সময়ে যখন অনেককে রাজপথে দেখা যায়নি, তখন আল মামুন খাঁন কর্মীদের আগলে রেখেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন। কিন্তু এখন ত্যাগীদের চেয়ে সুবিধাবাদীদের দাপট বেশি দেখা যাচ্ছে। আমরা চাই কেন্দ্র থেকে বিষয়টি তদন্ত করে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
এ বিষয়ে জানতে চাইলে আল মামুন খাঁন বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো স্বার্থ বা পদ-পদবির লোভে রাজনীতি করিনি। শহীদ জিয়ার আদর্শ ও দলের প্রতি ভালোবাসা থেকেই রাজপথে ছিলাম, জেল-জুলুম সহ্য করেছি। তবে দলের ভেতরে যখন আদর্শহীন ও বিতর্কিত ব্যক্তিদের দাপট বাড়ে, তখন একজন কর্মী হিসেবে কষ্ট লাগে। আমি বিশ্বাস করি, দলের হাইকমান্ড অবশ্যই ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের মূল্যায়ন করবে।’
অন্যদিকে সাংগঠনিক পদায়ন ও অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, দল পুনর্গঠন প্রক্রিয়ায় সব ত্যাগী নেতার ভূমিকা বিবেচনায় রাখা হচ্ছে এবং কারও প্রতি অবিচার করা হলে তা সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে।





















