সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ৯:২৮:২৮ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচয় দিয়ে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়ার এবং পরে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. খাদিজা আক্তার শান্তা (২৫) মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী খাদিজা আক্তার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মফেল উদ্দিনের মেয়ে। অভিযুক্ত নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও পরিচালক হিসেবে পরিচয় দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খাদিজা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী এবং মামলাটি তদন্তাধীন। মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলমের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া ও গণমাধ্যমে প্রচারের আশ্বাস দিয়ে নুর আলম তাঁর কাছে টাকা দাবি করেন। গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা এবং পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা—মোট ৪২ হাজার টাকা নেন তিনি।
খাদিজা আক্তারের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে নুর আলম তাঁকে বাসায় ডেকে অনৈতিক প্রস্তাবে রাজি হতে বলেন। এতে অস্বীকৃতি জানালে পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে ক্ষতি করা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হয়।
স্থানীয়দের একটি অংশের অভিযোগ, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে সংগঠনের উপজেলা কমিটি গঠন করেছেন নুর আলম। ওই পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা, হয়রানি এবং যত্রতত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২ জুলাই বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের বেসরকারি সংস্থাটির নিবন্ধন (নম্বর ১৬০৫) বাতিল করে এনজিও বিষয়ক ব্যুরো। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় এবং নাম থেকে ‘কমিশন’ শব্দ বাদ দেওয়ার নির্দেশনা অমান্য করার প্রেক্ষাপটে এ আদেশ দেওয়া হয়। এ ছাড়া আইন অনুযায়ী সরকারি বা আদালতের বিশেষ আদেশে গঠিত কমিশন ছাড়া অন্য কোনো বেসরকারি সংস্থার নামে ‘কমিশন’ শব্দ ব্যবহারের সুযোগ নেই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নুর আলম সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এর আগেও অভিযুক্ত নুর আলমকে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল।





















