সারাদেশ

মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ৯:০২:৪০ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের মধুপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা, চাষাবাদের খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন। পাশাপাশি রবি মৌসুমে স্থানীয়ভাবে সরিষাসহ তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content