প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ১২:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি গুঞ্জন রটে- মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। তবে কয়েক ঘণ্টা পর গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানান, তার গাড়ির দুর্ঘটনা হয়নি।
ঘটনার সূত্রপাত গতকাল শনিবার সন্ধ্যায় তিশার একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি লিখেছেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তিশার পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তিশার পোস্টের পর একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হয় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। যা নজর এড়ায়নি অভিনেত্রী। আর তাই তো প্রায় ৭ ঘণ্টা পর নতুন একটি পোস্টে তিশা লিখেছেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’
ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। পাশাপাশি বাজিমাত করেছেন ওটিটিতেও। এবার বড়পর্দায় নাম লিখিয়েছেন তিনি। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।















