প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩২:১১ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা এবং নাটোর জেলা ছাত্রলীগের সহসভাপতি সুব্রত কুমার সরকারের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের আদেশ দিয়েছেন।
শেরেবাংলা নগর থানা এলাকা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। আজ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রবিউল আওয়াল সাত দিনের রিমান্ড আবেদন করেন।
সুব্রতের পক্ষে আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত থেকে তার এক দিনের রিমান্ডের আদেশ আসে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে এক কেজি গান পাউডার, ৪০০ গ্রাম গন্ধক পাউডার, ২০০ গ্রাম সোহাগা পাউডার উদ্ধার করে। সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ। তার একটি মোবাইল, একটা পুরাতন ল্যাপটপ জব্দ করা হয়।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ হোসেন সরকার মঙ্গলবার রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।














