আইন-আদালত

যুবদলকর্মীকে গুলি করে হত্যা মামলার আসামি চঞ্চল অস্ত্র মামলায় রিমান্ডে

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ৮:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

ঢাকার কাফরুল এলাকায় যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে হত্যা গুলি করে হত্যা মামলার আসামি শ্যুটার মো. চঞ্চল মোল্যার অস্ত্র আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের এই আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভূঁইয়া তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার বিবরণে বলা হয়, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানাধীন এলাকায় একই থানার বিএনপির সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবু ও ইউসুফসহ অন্যান্য লোকজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এ সময় আসামি চঞ্চল ও তার সহযোগী পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে ইউসুফকে লক্ষ্য করে গুলি করেন। গুলি ইউসুফের বুকের ডান পাশে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করলে আসামিরা এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকেন। এলোপাথাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ সময় উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ইউসুফ, নালাম সরদার ও মনিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. ইউসুফ।

এদিকে, পালাতে গেলে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নামক দোকানের সামনে থেকে চঞ্চল মোল্যাকে উপস্থিত লোকজন অস্ত্র-গুলিসহ আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেন। তখন তার দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি চঞ্চল নিজের পরিচয় জানান। পাশাপিাশি জিহাদ মোল্লা, মো. জিয়ারুল ও হাসানসহ অজ্ঞাতদের নাম প্রকাশ করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।পারভেজকে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content